দেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলারেরও বেশি। বুধবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের রিজার্ভে আছে ৪৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। যা ৪ হাজার ৩শ’ কোটি টাকারও বেশি।
এ প্রসঙ্গে অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ১৭৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে, যা আমাদের অর্থনৈতিক সক্ষমতার অন্যতম মাইলফলক। নতুন একটি বছরের শুরুতে অবশ্যই জাতির জন্য এটি সুখকর ঘটনা। অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ এর মধ্যেও রিজার্ভের উল্লেখযোগ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেমিট্যান্সের অন্তঃপ্রবাহ।
এই মাইলফলক অর্জনের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থমন্ত্রী। পাশাপাশি চলতি বছরের শেষ লগ্নে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বাংলাদেশের রিজার্ভ ৪ হাজার ২শ’ মার্কিন ডলার অতিক্রম করে। এর মাত্র ১৫ দিনে তা ছাড়িয়ে যায় আরও ১ বিলিয়ন। বিদেশ থেকে টাকা পাঠানোতে সরকার ২ শতাংশ প্রণোদনা দেওয়ার পর থেকে ক্রমেই বেড়ে চলেছে বাংলাদেশের রিজার্ভ।
বার্তাবাজার/এসজে