চিকিৎসকদের দাবি বাস্তবায়নে জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কর্ম বিরতি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ (সাচিব) নেতারা। জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
কর্ম বিরতি প্রত্যাহার হওয়ায় জেলাবাসীর চিকিৎসা সেবার দুর্ভোগের অবসান হলো।
গেল শুক্রবার জামালপুর জেনারেল হাসপাতালে এক নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাংচুর ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক ও ইন্টর্ণ চিকিৎসকদের মারধোর ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতদের শাস্তিসহ ৪ দফা দাবিতে শনিবার থেকে সারা জেলার সরকারি-বেসরকারি হাসপতালে কর্মবিরতি শুরু করে চিকিৎসকরা। টানা পাঁচ দিনের কর্মবিরতিতে জেলার স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়ে। জামালপুর জেলার চিকিসকদের আন্দোলনের সঙ্গে একাত্বতা জানিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজসহ কয়েক জেলার চিকিৎসক আন্দোলনে নামে।
পরিস্থিতি নিরসেনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
গতকাল সন্ধ্যায় তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। এ নিয়ে আজ জরুরি বৈঠকে বসে জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি। সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন স্থানীয় এমপি মোজাফ্ফর হোসেন ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ফলে আজ দুপুর থেকেই হাসপাতালে যোগ দেন চিকিৎসকরা।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাফফর হোসেন এমপির সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন ও বিএমএ, জামালপুর শাখার সাধারণ সম্পাদক ও সাচিবের আহবায়ক মোশায়ের উল ইসলামসহ সরকারি কর্মকর্তা, চিকিৎসক নেতা ও জনপ্রতি উপস্থিত ছিলেন।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক মাহফুজুর রহমান বার্তা বাজারকে বলেন, তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়ায় আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছেন।
বার্তাবাজার/এ.আর