বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী। এতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
আবাহনীর জয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে মোহামেডানের। আবাহনীর কাছে ৩-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়া নিয়ে শঙ্কায় ছিল মোহামেডান।
এবার সেই আবাহনীই মোহামেডানকে শেষ আটে নিয়ে গেল। অন্যদিকে দুই হারে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে ফেডারেশন কাপ থেকে বিদায় নিল মুক্তিযোদ্ধা সংসদ।
আফগানিস্তানের মাসিহ সাইঘানি ও হাইতির বেলফোর্টের গোলে জয় পেয়েছে আবাহনী। ম্যাচের ৩০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে নেন মাসিহ সাইঘানি।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে জীবনের কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেলফোর্ট। ৮৭ মিনিটে মুক্তিযোদ্ধার বদলি মিডফিল্ডার রোহিত সরকার গোল করেন। কিন্তু তা মুক্তিযোদ্ধা সংসদের হার এড়াতে যথেষ্ট ছিল না।
কোয়ার্টার ফাইনালে উত্তর বারিধারার বিপক্ষে খেলবে আবাহনী। অন্যদিকে মোহামেডান লড়বে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
বার্তাবাজার/এস.জি