দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করে রক্ত দিতে হবে বলে জানিয়েছেন ডাকসুর সবেক ভিপি ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নূরুল হক নূর।
২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে ‘ভোটাধিকার হরণের দিন’ আখ্যা দিয়ে বুধবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমাবেশে এই বক্তব্য দেন তিনি। এর আগে কালো পতাকা মিছিল শেষে তারা রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সমাবেশে মিলিত হয়।
নূর বলেন, বর্তমান সরকার ২০১৪ সালের পর থেকে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে। রক্ত দেওয়া ছাড়া কোনো সংগ্রাম সফল হয় নাই, কোনো ত্যাগ ছাড়া ইতিহাসে সফলতা আসে নাই।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের বাংলাদেশ ফিরিয়ে আনার জন্য, ১৮ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আপনাদের রক্ত দিতে হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের সংগ্রাম করতে হবে, রক্ত দিতে হবে।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন বলেন, আমাদের ভোটাধিকার আমাদের ফেরত পেতে চাই। তরুণ সমাজকে দমন করা যাবে না। বারবার আমরা রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করবো। যদি সসম্মানে বিদায় নিতে চান তাহলে অনতিবিলম্বে মধ্যবর্তী নির্বাচন দিন।
বার্তাবাজার/এসজে