নরসিংদীর পলাশে দুটি কবরস্থান থেকে ৭টি মরদেহ (কঙ্কাল) চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার কাজিরচর ও ইসলামপাড়া কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।
জানা যায়, কাজিরচর গ্রামে যে সামাজিক কবরস্থানটি রয়েছে সেখানে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে মরদেহ এনে দাফন করা হয়। গ্রামের একপাশে নির্জনস্থানে অবস্থিত কবরস্থানটিতে আলোর ব্যবস্থা থাকলেও কোনো পাহারাদার নেই।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে স্থানীয় কবরস্থানের কয়েকটি কবরে মাটি খোঁড়ার আলামত দেখতে পান। কবরস্থান পরিচালনা কমিটির লোকজনকে খবর দিলে তারা এসে দেখে ৬টি কবর খোঁড়া হয়েছে। যার একটিতেও কোনো মরদেহ বা কঙ্কাল নেই।
কিছুক্ষণ পরেই খবর আসে পাশের এলাকা ইসলামপাড়া কবরস্থানেও একই রকম ঘটনা ঘটেছে। সেখানে সকালে স্থানীয়রা কবর খোঁড়া দেখতে পেয়ে লক্ষ্য করে দেখেন বেশ কয়েকটি কবরে মরদেহ নেই।
এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, রাতের আঁধারে দু’টি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কোনোটার আংশিক হাড়গোড় আবার কোনোটার পুরো কঙ্কালই লাপাত্তা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এসজে