মহামারি করোনাভাইরাসে জর্জরিত ইংলিশ প্রিমিয়ার লিগ। সাপ্তাহিক পরীক্ষার অংশ হিসেবে গতকাল সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড় ও কোচিং স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।
কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার কাইল ওয়াকার। আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েলও করোনায় আক্রান্ত হন।
এক বিবৃতিতে লিগের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ১৪৭৯ জন খেলোয়াড় ও ক্লাব স্টাফের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ এসেছে। তাদেরকে আগামী ১০ দিনের জন্য তাদের সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।
করোনায় আক্রান্ত ১৮ জনের মধ্যে শেফিল্ড ইউনাইটেড থেকে সর্বোচ্চ সংখ্যক খেলোয়াড় আছেন। সাউদাম্পটনেরও বেশ কয়েকজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন বলে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে। আক্রান্ত সবাইকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এস.জি