আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভা নির্বাচনে কারাগার থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক কাউন্সিলর প্রার্থী। তিনি হলেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক দুইবারের নির্বাচিত কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা।
জানা গেছে, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও বোয়ালমারী সরকারি কলেজ সংসদের সাবেক জিএস আব্দুল মান্নান মোল্যা পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পর পর দুই নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়ে টানা ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বরাবরের মতো আসন্ন পৌর নির্বাচনেও প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতার স্বপ্ন ছিল তার। কিন্তু তার আগেই একটি চেক ডিজঅনার মামলায় জড়িয়ে আব্দুল মান্নান মোল্যা কারাবন্দী হন। তবে এবারও তার স্বপ্ন বৃথা যেতে দিতে রাজি নয়। গত ২০ ডিসেম্বর তার কর্মী-সমর্থকরা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন জমা দেন। ২২ ডিসেম্বর তার মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে বৈধ বিবেচিত হয়। নির্বাচনের আগে জামিন না পেলে জেলে থেকেই নির্বাচনে লড়তে হবে তাকে। তবে এই কাউন্সিলর প্রার্থীর অবর্তমানে তার গুণগ্রাহীরাই তার পক্ষে মনোনয়নপত্র দাখিলসহ নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করেছেন।
মামলার বিষয়ে তার আইনজীবী গাজী শাহিনুজ্জামান লিটন বলেন, ‘জেলা যুগ্ম জজ দায়রা আদালতে তার এনআই অ্যাক্টের একটি মামলায় তিনি জেলে আছেন। তবে তার নির্বাচন করতে কোন বাঁধা নেই।’
বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মীরদাহ পিকুল জানান, ‘উপজেলা আওয়ামী লীগ নেতা হিসাবে মান্নান মোল্যা তার এলাকায় খুবই জনপ্রিয়। হয়তো তিনি ব্যবসায়ীক ঝামেলায় টাকা-পয়সা লেনদেন নিয়ে চেক ডিজঅনার মামলায় জেলে আছেন। আশা করি, এসব ঝামেলা মিটিয়ে তিনি নির্বাচনী মাঠে ফিরে আসবেন।’
বার্তাবাজার/পি