ক্যারিয়ারে উত্থান পতন কাকে বলে তা খুব কাছ থেকেই দেখেছেন পাকিস্তানি ব্যাটসম্যান ফাওয়াদ আলম। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল তার। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
এরপর তার আর পেছনে ফিরে তাকানোর কথা ছিল না। কিন্তু তার সাথে ঘটলো বিপরীত। ওই বছর আর দুটি টেস্ট খেলে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। দীর্ঘ ১১ বছর দলে জায়গা হয়নি তার।
তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সবর্শেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ডাক পান তিনি। কিন্তু সেখানে ভালো পারফর্ম করতে পারেননি তিনি। তিন ইনিংসে ফাওয়াদ করেন- ০, ২১ ও ০*।
এমন ফর্মের কারণে অবশ্য তাকে বাদ দেয়নি পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে রাখা হয় তাকে। মাউন্ট মুঙ্গাইনুইতে প্রথম ইনিংসে ৯ রান করলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পান ফাওয়াদ।
তার ইনিংসে ভর করে প্রায় ড্র করে ফেলেছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। আর মাত্র ২৮ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় পাকিস্তান। যার ফলে ১০১ রানে জিতে নিউজিল্যান্ড।
পাকিস্তান হারলেও প্রশংসা কুড়িয়েছেন ফাওয়াদ আলম। ১০২ রান করা ফাওয়াদ আলমের দুই সেঞ্চুরির মধ্যে ব্যবধান ৪২১৮ দিনের। নিউজিল্যান্ডের মাটিতে চতুর্থ ইনিংসে একমাত্র পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন ফাওয়াদ।
বার্তাবাজার/এস.জি