বগুড়ায় সময় টিভির দুই সাংবাদিকের ওপর হামলা

বগুড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের প্রতিবেদক মাজেদুর রহমান ও ফটোসাংবাদিক রবিউল ইসলাম। এ সময় তাদের কাছে থাকা ক্যামেরা, মোবাইল ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত দুই সংবাদকর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সাংবাদিকরা জানান, বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির সংবাদ করতে যান মাজেদুর রহমান ও রবিউল ইসলাম। নিম্নমানের ইট ও নির্মাণ সামগ্রী দিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে এমন তথ্য জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। লাঠিসোঠা দিয়ে বেধড়ক পিটিয়ে মাজেদুর রহমান ও রবিউল ইসলামকে গুরুতর আহত করা হয়।

তারা আরও জানান, ভাঙচুরের পর টেলিভিশনের ক্যামেরা, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর