কিডনি চুরির ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রওশন আরা নামে এক নারীর দুই কিডনি গায়েবের ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নোটিশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

এক মাসের মধ্যে বিএসএমএমইউ এর দুইজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এর ফরেনসিক চিকিৎসককে এই কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্যও বলা হয়েছে। একইসাথে সুপারিশ করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির জন্য। পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ায় শাস্তির সুপারিশ করবে কমিশন।

মানবাধিকার কমিশনের মতে, বেঁচে থাকার অধিকারই হলো মানুষের সবচেয়ে বড় মানবাধিকার। সেই অধিকার লঙ্ঘিত হয়েছে রওশন আরার ক্ষেত্রে। বাম পাশের কিডনি অপারেশনের সময় ডান পাশের ভালো কিডনিও কেটে ফেলায় তার মৃত্যু হয়েছে বলে তদন্তে প্রমাণ পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু মেডিকেলের ইউরোলজি বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান দুলাল ও সহযোগী অধ্যাপক ফারুক হোসেন হত্যার মতো অপরাধ করেছেন। এই দু’জন চিকিৎসক কেনো ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবেন না তা জানতে চাওয়া হয় নোটিশে।

এছাড়া, ময়নাতদন্তের রিপোর্ট দিতে ইচ্ছাকৃতভাবে দুই বছর দেরি করায় ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদকেও ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশও করেছে কমিশন। একমাসের মধ্যে কমিশনে এসে তাদেরকে ব্যাখ্যা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

ঘটনার দুই বছরেও মামলা না নেয়ায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হবে বলেও জানানো হয়।-যমুনা নিউজ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর