করোনার অ্যান্টিবডি আবিস্কার সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সারা বিশ্বে আমরাই প্রথম অ্যান্টিবডি কিট আবিষ্কার করেছিলাম। আজ শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতেন—জাফরুল্লাহ, জবর কাজ করেছ।
এসময় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার আমাদের প্রতিটি পদে কাঁটা বিছিয়েছে। সরকার আমাদের কন্ডিশন দিল যে এই কিট আমেরিকা থেকে পরীক্ষা করিয়ে আনতে হবে। এতে আরো তিন কোটি টাকার প্রয়োজন হবে। এমন নিয়ম থাকলে বাংলাদেশে ওষুধনীতি হতো না।
ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, দেশীয় প্রতিষ্ঠান গ্লোবের করোনা ভ্যাকসিন এগিয়ে রয়েছে। আমরাও ইচ্ছা করলে ভ্যাকসিন তৈরি করতে পারি। তাহলে পর্যাপ্ত ভ্যাকসিন তৈরি হতো। সে সুবাদে দেশের প্রতিটি মানুষ ভ্যাকসিন পেত।
এসময় গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মঞ্জুর কাদির আহমেদ ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
বার্তাবাজার/এসজে