দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কক্সবাজারের মহেশখালীতে ট্রায়াল হিসেবে প্রথম মালবাহী জাহাজ ‘ভেনাস ট্রাইয়াম্প’ ভিড়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বন্দরের জেটিতে ভিড়ে পানামার পতাকাবাহী জাহাজটি।
বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে ইন্দোনেশিয়ার ‘পেলাভুবন সিলেগন’ বন্দর থেকে জাহাজটি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওনা করে। এক সপ্তাহ পরে আজ সকাল ৯টায় বন্দর চ্যানেলে প্রবেশ করে। পরে বন্দরের নাবিকরা জাহাজটি চালিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য অস্থায়ীভাবে নির্মিত জেটিতে প্রবেশ করান।
সি-শোর মেরিন প্রাইভেট লিমিটেডের জাহাজটির দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছে এনসেইন্টস্টিম শিপ লিমিটেড এবং স্টিবেটর হিসেবে কাজ করছে গ্রিন এন্টারপ্রাইজ।
গভীর সাগর থেকে জাহাজ চ্যানেলে প্রবেশের জন্য পথ নিদর্শক ৬টি বয়া ও ২৫০ মিটার প্রস্থ, ১৮ মিটার গভীরতাসম্পন্ন ১৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেল প্রস্তুত করা হয়েছে।
এদিকে, মাতারবাড়িতে প্রথম এই জাহাজ নোঙ্গর করার মাধ্যমে এ বন্দরের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দরের সহকারী হার্বার মাস্টার ক্যাপ্টেন মো: আতাউল হক।
বার্তাবাজার/এসজে