রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ড পাখিমুক্ত রাখতে শতাধিক গাছের ডালপালা কেটে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এসব গাছে পাখি বসে পরিবেশ নোংরা করছে।
হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তারা জানান, করোনাকালে লকডাউন অবস্থায় বক, শামুকখোল, মাছরাঙাসহ নানা প্রজাতির কয়েক হাজার পাখি এসে বাসা বেঁধেছিল। সেখানে তার ফুটিয়েছিল বাচ্চাও। এর আগে পাখিগুলো রাজশাহী কেন্দ্রীয় কারাগার কম্পাউন্ডের গাছে বাস করতো। সেখানে কারা একাডেমির জন্য গাছ কাটা হলে আশ্রয় নিয়েছিল মেডিকেল কলেজ কম্পাউন্ডে।
এ বিষয়ে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নুরে আলম জানান, পাখি মলমূত্র ত্যাগ করে আশেপাশের পরিবেশ নষ্ট করে। অনেক সময় সেগুলো রোগীর গায়েও পরে। তাই হাসপাতালের পরিচালকের নির্দেশে গাছের ডাল কেটে দেওয়া হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতাল কখনোই পাখির অভয়াশ্রম হতে পারে না। পাখিরা রোগীর গায়ে মলত্যাগ করে। হাসপাতাল তো চিড়িয়াখানা না। এটা পাখির অভয়ারণ্য হবে না, হবে রোগীর অভয়ারণ্য। বিশ্বের কোথাও হাসপাতালে পাখির অভয়ারণ্য নাই।
বার্তাবাজার/এসজে