পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ কর্তৃক ৫ দফা দাবীতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মধ্যিমিক শিক্ষা অফিসার বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।
মঙ্গলবার উপজেলার মহিলা ডিগ্রী কলেজে একত্রিত হয়ে ব্যানার সহকারে কলাপাড়া বাজার হয়ে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে স্বারক লিপি প্রদান করেন সংগঠনটি।
তাদের দাবী হলো- (১) ৩য় শ্রেণির কর্মচারীদের নুন্যতম বেতন গ্রেড ১১ করা এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা। (২) পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার করা এবং পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর ব্যবস্থা করা (৩) চাকরী বিধি ২০১২ অনুযায়ী ব্যবস্থাপনা কমিটিতে ১জন ৩য় শ্রেণির সদস্য অর্ন্তভূক্ত করা (৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করা (৫) সকল এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করা।
স্মারক লিপি প্রদান শেষে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মাহাতাব উদ্দিন খান হেলাল বার্তা বাজারকে বলেন, আমরা বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রায় ৫০ হাজার তৃতীয় শ্রেণীর কর্মচারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে আসছি। কিন্তু দুঃখের বিষয় চরম বৈষম্যের মধ্যে আমাদের মানবেতর দিন কাটাতে হয়। সারা জীবনে কোন পদোন্নতি নাই। আমাদের উচ্চতর গ্রেড প্রদান সহ পদের নাম পরিবর্তন করে দক্ষতা বৃদ্ধির জন্য কম্পিউটার ও বিভিন্ন উচ্চতর ট্রেনিংএর ব্যবস্থা করাসহ সকল দাবী গুলো যৌক্তিক।
বার্তাবাজার/এ.আর