পেশায় দিনমজুর; মাথা গোঁজার ঠাঁই বলতে ছিল একটি চারচলা টিনের ঘর। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে সেই ঘরটিও সর্বনাশা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের এই দিনমজুরের নাম কুদ্দুস শেখ। ঘরটিতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস তার।
কুদ্দুস শেখ কান্নাজড়িত কন্ঠে বার্তা বাজারকে জানান, অন্যের খেতে কাজ করে সংসার চালান তিনি। অনেক কষ্টে ধার-কর্জ করে এই ঘরটি তুলেন। কিন্তু মঙ্গলবার বিকালে হঠাৎ করে ঘরটিতে আগুনের শিখা দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আশ্রয় নেওয়ার মতো আর কোন ঘর নেই। এখন খোলা আকাশের নিচে পরিবার নিয়ে বসবাস করতে হবে তাদের। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তার সঠিক কোন কারন জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম বার্তা বাজারকে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারটির মাথা গোঁজার কোনো জায়গা থাকল না। ঘটনাটি খুবই দুঃখজনক।’
বার্তাবাজার/এ.আর