সরকারি অস্ত্র ব্যবহার করে দুই পুলিশ সদস্যর ডাকাতি

নিজেদেরকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে ও সরকার প্রদত্ত অস্ত্র এবং যানবাহন ব্যবহার করে ডাকাতি করতেন বাংলাদেশ পুলিশের এএসআই পদে দায়িত্বরত দুই পুলিশ সদস্য। সম্প্রতি অভিনব এই কায়দায় সাড়ে ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন এএসআই নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার মাসুম শেখ (৩৩) ও গেন্ডারিয়ার আরআরএফ মিলব্যারাকের শহীদ শেখ (৫৫)। তাদের মাঝে শহীদ শেখের বাড়ি ফরিদপুরের নগরকান্দায় ও মাসুম শেখের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে।

গত ২২ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ থেকে দেওয়া এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করা এসি ফজলুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতিসহ অনেক অপরাধ করে আসছিল এএসআই মাসুম ও শহীদ। তাদের নেতৃত্বে সংঘবদ্ধ একটি প্রতারক চক্রও অপরাধ করে আসছিল। প্রমাণাদিসহ তাদেরকে গ্রেফতার করা হয়ছে। এসময় জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত পিস্তল, হ্যান্ডকাফ ও প্রাইভেটকার।

তিনি আরও জানান, এই দুই পুলিশ সদস্যের নেতৃত্বে তাদের চক্রটি অনেকগুলো ডাকাতি করেছে। তারা এমন অভিনব উপায়ে ডাকাতি করতো যে, কেউ বুঝতেই পারতো না তারা ভুয়া ডিবি পুলিশ। কারণ তাদের সাথে থাকা সংশ্লিষ্ট জিনিস সবই ছিল পুলিশের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর