ভোক্তা অধিকার সভায় মেয়াদোউত্তীর্ণ খাবার, ২ দোকানীকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিত করণ ও বাস্তবায়ন করা নিয়ে আয়োজিত সভায় উপস্থিত অতিথিদের আপ্পায়নে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খেতে দেওয়া হয়। পরে বিষয়টি টের পেয়ে বিস্কুট সরবরাহকারী দুই দোকানীকে ৩০ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গুরুত্বপূর্ণ এক সভায়।

জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন। সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকন উদ্দিন আহমেদ ও একাডেমিক সুপার ভাইজার আনোয়ার হোসেন।

সভায় আগত একাধিক ব্যক্তি জানান, তাঁদেরকে মঙ্গলবার সকাল ১০টার দিকে ফোন করে সভায় উপস্থিত হতে বলা হয়েছে। বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিত করার মতো গুরুত্বপূর্ণ সভায় উপস্থিতির সংখ্যা ছিল খুবই কম। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গুরুত্বপূর্ণ সভার অব্যবস্থানার চিত্র ফুঁটে উঠতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আলোচনার একপর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে আগত লোকদের আপ্পায়নের জন্য অলম্পিক কোম্পানির লেক্সাস বিস্কুট দেওয়া হয়। বিস্কুট খেতে খেতে আলোচনা চলছিল। এ সময় এক ব্যক্তি বিস্কুটের প্যাকেটে দেখতে পান আট মাস আগেই বিস্কুটের মেয়াদ অতিক্রান্ত হয়ে গেছে। ততক্ষণে অনেকেই ওই বিস্কুট খেয়ে ফেলেন।

এই বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন বলেন, লেক্সাস বিস্কুট সরবরাহকারীকে ডেকে আনা হলে সে জানায় তাঁর পাশের দোকান থেকে প্যাকেট এনে বিস্কুট সরবরাহ করেছেন। পরে তিনি দুই দোকানীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর