দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল তারা।
প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৯৬ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন চান্দিমাল। ৭৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ধনাঞ্জয়া ডি সিলভা। নিরোশান ডিকভেলার ব্যাট থেকে আসে ৪৯ রান। অন্যদিকে ৬৬ রানে অপরাজিত ছিলেন শানাকা।
শ্রীলঙ্কার ৩৯৬ রানের জবাবটা বেশ ভালো ভাবেই দেয় দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসির ১৯৯ রানে ভর করে ৬২১ রান করে তারা। এছাড়াও প্রোটিয়াদের হয়ে এলগার ৯৫, মার্করাম ৬৮, বাভুমা ৭১ ও কেশভ মহারাজ ৭৩ রান করেন।
দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে রীতিমতো চাপা পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। ব্যক্তিগত ৬ রানে এনগিদির বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন অধিনায়ক দিমুথ করুনারত্নে।
কুশাল পেরেরা ক্রিজের একপ্রান্ত আগলে রাখলেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। কুশাল মেন্ডিস ০, চান্দিমাল ২৫, ডিকভেলা ১০ রান করে ফিরেন। আহত হওয়ার কারণে দ্বিতীয় ইনিংসে মাঠে নামা হয়নি ধনাঞ্জয়া ডি সিলভার। শেষ পর্যন্ত ১৮০ রানেই অলআউট হয়ে যায় তারা।
এর ফলে ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন কুশাল পেরেরা। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রানের এসেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাট থেকে। প্রোটিয়াদের হয়ে লুঙ্গি এনগিদি, এনরিক নরকিয়া, উইয়ান মুলডার ও লুথো সিপামলা ২টি করে উইকেট শিকার করেন।
বার্তাবাজার/এস.জি