ধামরাই পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর করা হবে: কবির মোল্লা

ধামরাই পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর করা হবে বলে জানালেন নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হবার পরে সাংবাদিকদের একথা জানান তিনি।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ধামরাই পৌরসভায় একটানা ভোট গ্রহন সম্পন্ন হয়। এই নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে ২৩১১০ ভোট পেয়ে বিপুল ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম কবির মোল্লা বিজয়ী ঘোষিত হন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজে এ ঘোষণা প্রদান করেন ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খাঁন।

সাংবাদিকদের আলহাজ্ব গোলাম কবির মোল্লা জানান, এই জয় আওয়ামী লীগের উন্নয়নের জয় এবং এই জয় এলাকার মানুষের প্রত্যাশার জয়। এই জয় বঙ্গবন্ধুর নৌকার জয় বলেও জানান তিনি।

তিনি বলেন, এবারের নির্বাচন খুব সুন্দর ও সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। ধামরাইয়ে এই প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন হলো। তাই মানুষ আনন্দ উৎসহের সাথেই ভোট প্রদান করেছে।

আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ধামরাই উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীরা একযোগে কাজ করেছে বলেই এ জয় অর্জন হয়েছে উল্লেখ করেন বিজয়ী মেয়র প্রার্থী। তারা সকলে ভোটারের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চেয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এবার ধামরাই পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর করার পালা। নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে জনগনের ভোটের কাঙ্ক্ষিত ফল বলেও জানান তিনি।

ধামরাই পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে পাঞ্জাবি মার্কায় আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমজাদ হোসেন টেবিল ল্যাম্প মার্কায় বিজয়ী হন। ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে পানির বোতল মার্কায় মোকসেদ আলী নির্বাচিত হয়েছেন।

৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী পানির বোতল মার্কায় জয়যুক্ত হন।

৫ নং ওয়ার্ডে আমিনুল হাসান গার্নেল উট পাখি মার্কায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৮ নং ওয়ার্ডে পরপর ৪বার নির্বাচিত কাউন্সিলর, ধামরাই পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহীদুল্লাহ নির্বাচিত হন এবং ৯ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আবু সাঈদ।

উল্লেখ্য, সারাদেশের প্রথম ধাপের ২৫ টি পৌরসভা নির্বাচনের অংশ হিসেবে শেষ হলো ধামরাই পৌর নির্বাচন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর