ঋণের ৪ কোটি টাকা জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে জজ শেখ নাজমুল আলমের আদালতে সাক্ষী দিলেন তার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা ও ভাতিজা শঙ্খজিৎ সিনহা।
তারা বলছেন, সাবেক প্রধান বিচারপতির কথাতেই তাদের ২ জনের নামে শাহজালাল ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় হিসাব খোলা হয়েছে। পরে সেই হিসাবে সোয়া ২ কোটি টাকা স্থানান্তরের বিষয়ে তারা ২ জন কিছুই ‘জানতেন না’। তারা ২ জন হলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে) আপন বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা(৭০)। আর শঙ্খজিৎ সিনহা বিচারপতি সিনহার মামাতো ভাইয়ের ছেলে।
সোমবার(২৮ ডিসেম্বর) রাজধানীর ৪ নম্বর বিশেষ জজ শেখ নাজমুল আলমের আদালতে তারা নিজেদের জবানবন্দি তুলে ধরেন।
আদালতে তার বড় ভাই নরেন্দ্র বলেন, তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌ বাণিজ্য অধিদফতরের প্রধান বাতি রক্ষক হিসাবে চাকরি করতেন। ২০০৫ সালের জানুয়ারি মাসে সরকারি চাকরি থেকে অবসরে যান।
তৎকালীন ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) ঋণ জালিয়াতি এবং চার কোটি টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ছাড়াও আরও ১০জন এ মামলার আসামি। এদের মধ্যে ফারমার্স ব্যাংকেরই রয়েছেন ৬ জন।
বার্তাবাজার/পি