কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪টি অবৈধ অস্ত্র ও ৭টি গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬-এপিবিএন)। ঘটনা স্থলে ৩ জনকে আটকের বিষয় জানা গেলেও সংশ্লিষ্টদের কাছে কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।
গতকাল সোমবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার জসিমের বসত ঘরের পিছনে বাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ১৬ এপিবএন এর অধিনায়ক তারিকুল ইসলাম।
তিনি জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি শাটারগানসহ তিনটি একনলা বন্দুক ও সাতটি সীসা বুলেট উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও বুলেট আইনী প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
এদিকে স্থানীয় কয়েকটি নির্ভর্যোগ্য সূত্র জানিয়েছে, অভিযান কালে ৩ জন কে আটক করা হয়। আটককৃতদের ব্যাপারে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি ১৬ এপিবিএন এর দায়িত্বশীল সূত্রটি।
বার্তাবাজার/এ.আর