মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে চাঁদা না পেয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ডিসেম্বর) দুপুরে অফিসের মূল ফটকে এই হামলার ঘটনা ঘটে। এসময় অভিযুক্ত আল আমিন বেপারী (১৬) নামে একজনকে আটক করা হয়ছে।
এ বিষয়ে মাদারীপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করা রুস্তম আলী জানান, বনভোজনে যাওয়ার জন্য চাঁদার দাবিতে ৭-৮ জন অজ্ঞাত পরিচয়ের যুবক অফিসে ঢুকে। সেখানে দাবিকৃত চাঁদা না পেয়ে ‘দেখে নেবে’ বলে হুমকি দিয়ে তারা বের হয়ে যায়। সেখান থেকে মূল ফটকে গিয়ে সেবা নিতে আসা লোকজনের পথরোধ করে তারা।
তিনি আরও জানান, নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সাথে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ইট-পাটকেল ছুঁড়ে অফিসে ভাঙচুর করে যুবকরা। খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় আল আমিন বেপারী নামে এক যুবককে আটক করা হয়।
মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া জানান, সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ একটি অভিযোগও দায়ের করেছেন। আইনগত সব ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এসজে