ঢাকার ধামরাই পৌর নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহন সম্পন্ন হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ধামরাইয়ের পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ২৩১১০ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের একটি কক্ষে এ ঘোষণা প্রদান করেন ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খাঁন।
এসময় মোঃ মুনীর হোসাইন খাঁন বলেন, নাজিম উদ্দিন মঞ্জু বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫০৩ ভোট, ক্বারী শওকত আলী ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ২৭২ ভোট পেয়েছেন। ৯ টি ওয়ার্ডের মোট ২১টি কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে ২৪ হাজার ৮৮৫ টি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আগামীকাল সকাল ১০ টায় ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের সেই কক্ষে বেসরকারি ভাবে প্রার্থীদের জয়ী ঘোষণা করা হবে।
এর আগে সারাদিন সরেজমিন ২১টি কেন্দ্র ঘুরে দেখা যায়, সকালের দিকে মোটামুটি ভোটারদের ভিড় লক্ষ করা গেলেও কেবলমাত্র ছয়বাড়িয়া (কেন্দ্র ১৯) কেন্দ্র ছাড়া বাকি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।
এবারই ধামরাইয়ে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হয়েছে। এজন্য অনেক ভোটার তাদের ফিঙ্গার না মেলার কারণে ভোট দিতে পারেননি এবং সময় বেশী লেগেছে। এ ব্যাপারে একজন ভোটার বার্তা বাজারকে তাদের অভিযোগ জানান।
এদিকে বিএনপি মেয়র প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্রে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
এ ব্যাপারে কেন্দ্র নং ১৯ এবং ১৬ এর দুইজন প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করা হলে তারা জানান, গতকাল সকল পোলিং এজেন্টদের সাথে বৈঠক করে বিস্তারিত জানানো হয়েছে। তারা যদি ভোটকেন্দ্রে না আসেন তাহলে কারও কিছু করার নেই।
উল্লেখ্য, ধামরাই পৌর নির্বাচনে ২১টি কেন্দ্রে মোট ১০৮টি কক্ষে ৪২ হাজার ৬৪৪ জন পুরুষ ও নারী ভোটাররা এই প্রথম ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন। পুরুষ ভোটারের সংখ্যা ২০হাজার ৫৭, মহিলা ভোটার সংখ্যা ২২হাজার ৬৫।
প্রসঙ্গত, ধামরাই পৌসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ প্রতীকে দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু ও বাংলাদেশ ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকে ক্বারী শওকত আলী।
এছাড়া ৯টি ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনে ৯জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। একইসাথে ৯টি ওয়ার্ডের মোট ৩৫ জন কাউন্সিলর প্রার্থীরা প্রদিদ্বন্দিতা করে পৌর নির্বাচনকে সামনে রেখে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।
বার্তাবাজার/এসজে