কুয়াকাটায় নৌকার পরাজয়

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল বারেক মোল্লাকে হারিয়ে জয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এই তথ্য জানা যায়।

৩ হাজার ৩৩৩ ভোট পেয়ে জগ প্রতীকে জয় লাভ করেন স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কা নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৮৪ ভোট।

কুয়াকাটা পৌর নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা জানান, পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৮ হাজার ১২২ জন। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্যণীয় ছিল।

পৌর যুবলীগের আহ্বায়ক শেখ ইসহাক আলী বলেন, আওয়ামী লীগের একাংশ আব্দুল বারেক মোল্লাকে সমর্থন করেনি। তারা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েছেন। বিএনপির ভোটও স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন। যে কারণে ভোটের ফল নৌকার পক্ষে হয়নি।

সাগরকন্যা খ্যাত কুয়াকাটা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হাওলাদারের বিজয়ে বেশ হইচই পড়েছে এলাকায়। সাধারণ মানুষদের ক্ষোভের বিস্ফোরণে আওয়ামী লীগের এই ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করছেন স্থানীয়রা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর