পঞ্চগড় পৌরসভায় প্রথম বারের মতো জয় পেয়েছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাকিয়া খাতুন। পঞ্চগড় পৌরসভায় তিনিই প্রথম নারী হিসেবে মেয়রের চেয়ারে বসছেন।
সোমবার দিনভর পঞ্চগড়ের পৌরসভার ১৫ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একযোগে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। ভোট গণনার পরে রাত ৮ টায় মেয়র পদে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী জাকিয়া খাতুনকে নির্বাচিত ঘোষণা করে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর।
জাকিয়া খাতুন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঁচ বারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৪৭৫ ভোট। মেয়র পদের আরেক প্রার্থী জাগপার শাহরিয়ার আলম হুক্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৮ ভোট। ৩৫ হাজার ১১ টি ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ২২ হাজার ৬৭ টি। বৈধ ভোটের সংখ্যা ২১ হাজার ৯৭৯ ভোট। বাতিল হয়েছে ৮৮ টি ভোট। মোট ভোটের হার ৬৩ শতাংশ।
জাকিয়া খাতুন বলেন, এ জয় নৌকার জয়, এ জয় জনগণের জয়, এ জয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জয়, এই জয় পৌরবাসীর জয়। জনগণ আমাকে ভালোবেসে জয়যুক্ত করেছে। আমি সব সময় তাদের পাশে থাকবো। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বদলে যাবে পুরো পৌরসভা। সাধারণ মানুষকে নিয়ে আমি পৌরসভাকে আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো। আমার দেয়া প্রত্যেকটি ইশতেহার বাস্তবায়ন করবো।
বার্তাবাজার/এ.আর