ভোটের দিন দলীয় মেয়র প্রার্থীর মৃত্যুতে ফখরুলের শোক

পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে খুলনার চালনার মেয়র প্রার্থী ও দাকোপ থানা বিএনপি’র আহবায়ক আবুল খয়ের খান করোনা আক্রান্ত হয়ে সোমবার (২৮ ডিসেম্বর) নির্বাচন চলাকালীন খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “আবুল খয়ের খানের মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমিও গভীরভাবে সমব্যাথী। চালনা পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ এবং আজ নির্বাচন চলাকালীন তার মৃত্যু নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও দুঃখের। তিনি দাকোপ থানা বিএনপি’র আহবায়ক হিসেবে দলকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিরলস পরিশ্রম করে গেছেন।

এছাড়া সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণ বুকে ধারণ করে গণতান্ত্রিক অধিকারের স্বপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার বলিষ্ঠ অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং গভীর শোকে কাতর পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুম আবুল খয়ের খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর