আগামী মাসের শেষের দিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল। উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ছাড়াও দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে টাইগাররা।
এই সিরিজে স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে পাবে না বাংলাদেশ। প্রায় ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নামবে টাইগাররা। এই সিরিজে স্পিনারদের দায়িত্ব নিতে বাংলাদেশে আসবেন না ভেট্টোরি।
গত বছর বাংলাদেশের সঙ্গে ১০০ দিনের চুক্তি করেছিলেন ভেট্টোরি। সেই চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। মূলত বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকি নিতে চাচ্ছেন না ভেট্টোরি। নিজ দেশেই আছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভেট্টোরিকে না পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
তিনি বলেন, করোনা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। আমাদের দেশেও ঝুঁকি রয়েছে। এসব বিবেচনা করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না ভেট্টোরি। বর্তমানে নিজ দেশে আছেন তিনি।
বার্তাবাজার/এস.জি