ক্রিকেটে স্লেজিং খুবই স্বাভাবিক একটা বিষয়। তবে বর্তমান ক্রিকেটে স্লেজিং অনেকটাই কমে গেছে। বড় বড় দলগুলোতে মাঝে মধ্যে স্লেজিং চোখে পড়ে। তেমনি ভারত-অস্ট্রেলিয়া মধ্যকার টেস্টে ম্যাথু ওয়েডের স্লেজিংয়ের শিকার হয়েছেন ভারতীয় উইকেটরক্ষক রিশাভ পান্ত।
টেস্টের তৃতীয় দিনের ঘটনা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারে বল করতে আসেন জাসপ্রিত বুমরাহ। বুমরাহর একটি ডেলিভারি লেগের দিকে খেলে দেন ওয়েড। ঠিক তখনই ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে হাসতে থাকেন পান্ত।
যা মোটেও পছন্দ হয়নি ওয়েডের। বিরক্ত হয়ে পান্তের ভারি শরীর নিয়ে ব্যঙ্গ করেন তিনি। যা কিনা স্ট্যাম্প মাইক্রোফোনে ধরা পড়ে। ওয়েড বলেন, তোমার ওজন তো ২৫ কেজি বেশি হবে না? তুমি কি ২০, ২৫ নাকি ৩০ কেজি বাড়তি? তুমি আবার নিজেকে বিগ স্ক্রিনে দেখবে? স্ক্রিনে নিজেকে দেখলে তোমার খুবই হাস্যকর লাগবে।
দিন শেষে এ ব্যাপারে ওয়েড বলেন, সে সবসময় হাসতেই থাকে। সে খুব বেশি কিছু বলে না, কিন্তু অবিরাম হাসতেই থাকে। এখানে এত মজার কী আছে তা আমি জানি না। হয়তো আমার ব্যাটিংই তার কাছে মজার।
বার্তাবাজার/এস.জি