রাজধানীর হযরত শাহাজালাল বিমানবন্দর থেকে আবারও ২৫০ কেজি ওজনের একটি সিলিন্ডার বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে বন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খননের সময় এটি উদ্ধার করা হয়। এ নিয়ে সাম্প্রতিক সময়ে একই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে চারটি বোমা।
বোমা পাওয়ার খবর শুনে বাংলাদেশ বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির একটি বোমা নিস্ক্রিয়করণ ইউনিট সেখানে উপস্থিত হয়ে সতর্কতার সাথে বিশালাকৃতির বোমাটি উদ্ধার করেন।
বোমা বিশেষজ্ঞদের ধারণা একই এলাকা থেকে উদ্ধার করা আগের ৩টি বোমার মত এটিও মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল।
এর আগে ৯ ডিসেম্বর (বুধবার) বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের পাইলিং করার সময় একটি সিলিন্ডার সদৃশ বস্তু দেখতে পায় শ্রমিকরা। পরে বিমান বাহিনী জানায় এটি একটি বিশাল আকৃতির বোমা। সেটিকে টাঙ্গাইলে বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।
এরপর একই এলাকা থেকে ১৪ ডিসেম্বর (সোমবার) একই রকমের আরও একটি বোমা উদ্ধার করা হয়। সেটিকেও ধ্বংস করা হয় একই কায়দায়।
১৯ ডিসেম্বরও একই এলাকা থেকে একই রকম দেখতে একটি বোমা উদ্ধার করা হয়। সেটিকেও টাঙ্গাইলের রসুলপুর ঘাঁটিতে নিয়ে নিস্ক্রিয় করে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
বার্তাবাজার/এসজে