অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে লজ্জাজনকভাবে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। দ্বিতীয় টেস্টে জয়ের সুবাস পাচ্ছে সফরকারীরা। তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে তারা।
দ্বিতীয় দিনে শতক পূর্ণ করা আজিঙ্কা রাহানে তৃতীয় দিনে ১১২ রানে থামেন। এছাড়াও জাদেজা ৫৭ রান করেন। ভারতের প্রথম ইনিংস থামে ৩২৬ রানে। অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ও মিচেল স্টার্ক ৩টি করে, প্যাট কামিন্স ২টি ও জস হ্যাজেলউড ১টি উইকেট শিকার করেন।
ভারতের ১৩১ রানের লিডের বোঝা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ব্যক্তিগত ৪ রানে উমেশ যাদবের বলে উইকেটের পেছনে ঋষভের হাতে ধরা পড়ে ফিরেন জো বার্নস।
ম্যাথু ওয়েড উইকেটের একপ্রান্তে টিকে থাকলেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। লাবুশানে ২৮, স্মিথ ৮ রান করে ফিরেন। এরপর দলীয় ৯৮ রানে ফিরেন ওয়েডও। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
তৃতীয় দিন শেষে ২ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া, হাতে আছে মাত্র ৪টি উইকেট। চতুর্থ দিন তারা যদি আহামরি কিছু করতে না পারে তাহলে জয়ের হাসি হাসবে ভারত।
বার্তাবাজার/এস.জি