বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মনোপীড়া জনিত রোগে ভুগছেন। সোমবার (২৮ ডিসেম্বর) পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে রিজভী বলেন, কাদের সাহেব মনোপীড়ায় ভুগছেন। ওবায়দুল কাদেরের কথাতে বুঝা যায় যে বিএনপি নির্বিাচনে না আসুক এতে করে তাদের নির্বাচনে জয় লাভ করা সহজ হয়। কিন্তু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে তারা প্রশ্নবিদ্ধ হন। কারণ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে জয়ী হতে তাদের ভোট কেন্দ্র দখল করতে হয়। রাতের বেলা নৌকায় সীল মেরে ব্যালট বাক্স ভরতে হয়,অতি বেশি সহিংস হতে হয়, ভোটারদের ভয় দেখাতে হয়। এর ফলে তাদের যে আলাদা আরো একটি রূপ রয়েছে তা জনগণের সামনে উন্মোচিত হয়ে তারা নিজেরাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েন।
রিজভী আরও বলেন, মুখে, মুখে কাদের সাহেব বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন, তার নমুনা গতকাল দেখলাম শত শত কোটি টাকার দুর্নীতি আর পাচারের সাথে জড়িত এমপি পাপুলের স্ত্রী ও কন্যা আত্মসমর্পণ করার সাথে সাথে জামিন হয়েছে। কিন্তু মিথ্যা মামলার দায়ে বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হয় না। ক্যাসিনো কান্ডের হোতাদের জামিন হয়, হত্যাকান্ডের আসামীদের জামিন হয়, টাকা পাচার কান্ডের সাথে জড়িতদের জামিন হয়, অথচ জামিন হয় না গণতন্ত্রকামী বিএনপির নেতাকর্মীদের।
তিনি কৃষি মন্ত্রীর করা মন্তব্য, আমনের ভরা মৌসুমে আড়তদার-মিলাররা ‘কারসাজি করে’ চালের দাম বাড়াচ্ছে এর কড়া সমালোচনা করে বলেন, দেশে যে সরকার আছে এটা জনগণ মনে করে না। দেশে পাল্লা দিয়ে বাড়ছে চাল,ডাল তেলসহ ভোগ্যপণ্যের দাম। তিনি আরো বলেন, দেশের নিম্ন ও মধ্য আয়ের মানুষগুলো এখন ধ্বংসের দুয়ারে। এই অবস্থায় তাদের ক্রয় ক্ষমতা এখন নাগালের বাইরে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দাবি করে বলেন, দেশে এখন আওয়ামী গণতন্ত্র চলছে। তিনি বলেন আজ দেশব্যাপী ২৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু নির্বাচনগুলোতে আগের মতোই রক্তপাত ও ভোট ডাকাতি চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা অধিকাংশ পৌর নির্বাচনী এলাকায় ব্যাপক তাণ্ডবলীলা চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম