দলের পরিকল্পনায় নেই মাশরাফি

নতুন বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ২০ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩ ফেব্রুয়ারি থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।

আসন্ন ওয়ানডে সিরিজের দলে মাশরাফি বিন মর্তুজা থাকবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মাশরাফি এখন আর দলের অটোমেটিক চয়েজ না। সাবেক এই অধিনায়কের নেতৃত্বে সবচেয়ে বেশি ওয়ানডে জিতেছে বাংলাদেশ। এমনকি তিনি ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার।

তবে টিম ম্যানেজমেন্ট ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে। মাশরাফির এখন যা বয়স তাতে তার জন্য ২০২৩ বিশ্বকাপ খেলা কঠিন। জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর দীর্ঘমেয়াদী লক্ষ্য ও পরিকল্পনায় নেই মাশরাফি।

পরিকল্পনায় না থাকলেও মাশরাফির বলের ধার কমে যায়নি। সর্বশেষ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে তিনি তা প্রমাণ করেছেন। টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করেন তিনি।

মাশরাফিকে দলে রাখা হবে কিনা তা নির্ভর করছে নির্বাচকদের উপর। কোচের পরিকল্পনায় মাশরাফি না থাকায় তাকে দলে নেওয়া নিয়ে দ্বিধায় পড়েছে নির্বাচকরা। কয়েকদিনের মধ্যেই ২২ থেকে ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হবে। সেখানে মাশরাফির নাম থাকে কিনা সেটা দেখায় পালা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর