সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ থেকে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন শব্দটি চিরতরে উচ্ছেদ করা হয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধী দলের কেউ প্রার্থী হলে আর তার পক্ষে কেউ প্রচারণা করলে তাকে জীবন দিতে হয়। এই সরকার বিনা ভোটে ক্ষমতায় থেকে বেপরোয়া হয়ে গেছে। তারা নির্বাচন ঘোষণা করে ঠিকই কিন্তু নির্বাচন অংশগ্রহণমূলক হতে দেয় না। বিরোধী কোন প্রার্থী সাহস করে অংশগ্রহণ করতে গেলে তার উপর নির্মম নির্যাতন নেমে আসে।
রুহুল কবির রিজভী বলেন, পৌর নির্বাচনে অংশগ্রহণকারী টাঙ্গাইল জেলার গোপালপুর পৌর জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী হাবিজা বেগমকে কয়েকদিন আগে মোটরসাইকেল চাপা দিয়ে গুরুতর আহত করা হয়। তিনি গত রাতে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এমন ঘটনায় বিএনপির পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বলে উল্লেখ করেন রিজভী। সেই সাথে তার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এছাড়া তিনি আরো অভিযোগ করে বলেন, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি হাসান মো. জসিম উদ্দিনকে গতরাতে বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বার্তাবাজার/ই.এইচ.এম