শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক

শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন ফরিদপুরের আলফাডাঙ্গার কৃষকরা। সে জন্য অনেক কৃষকই এখন এই পেশায় মনোনিবেশ করেছেন শীতকালীন সবজির চাষের দিকে। আবহাওয়া অনুকূল ও তেমন রোগবালাই না থাকায় শীতের সবজি চাষে বাম্পার ফলন পাচ্ছেন কৃষকেরা। তেমনি আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামের এক সফল সবজি চাষি মাহাবুর মোল্যা।

নিজের কোন জমি না থাকা সত্ত্বেও অন্যের ২ একর জমি ইজারা নিয়ে বাঁধাকপি, ফুলকপি, পালংশাক, লালশাক, বেগুন, মুলা, শসা, লাউ, শিম, বরবটি, টমেটো, কাঁকরোল সহ নানা শীতকালীন সবজি চাষ করে থাকেন। প্রতি বছরই তিনি জমি ইজারা নিয়ে সবজি চাষাবাদ করে আসছেন। গত বছরের তুলনায় এবার বেড়েছে তার চাষের হার।

সরেজমিনে জাটিগ্রাম বাজারের দক্ষিণ দিকে মাহাবুর মোল্যার বিস্তীর্ন সবজি ক্ষেতে গিয়ে দেখা যায়, তিনি ও তার নিয়োজিত ব্যক্তিরা বিভিন্ন সবজি গাছ পরিচর্যায় ব্যস্ত।

ছবি-বার্তা বাজার

এসময় মাহাবুব মোল্যা জানান, বর্তমানে খুচরা ও পাইকারি বাজারে সবজির বিক্রি খুব ভাল। তাই এসব সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। শীতের আবহাওয়া শুরুর সাথে সাথেই সবজির চাষাবাদ শুরু করেন তিনি। এ বছর তিনি শীতকালীন সবজির চাষ করতে সার, কীটনাশক ও বীজে ৯০ হাজার টাকা খরচ হয়েছে। তবে গত এক মাসে শুধুমাত্র লাউ বিক্রি করেই খরচের অর্ধেক টাকা উঠে গেছে তার। তিনি জানান, এবছর শীতকালীন সবজি বিক্রি করে সব খরচ বাদ দিয়েও প্রায় ৪ লাখ টাকা লাভ থাকবে।

তিনি আরো বলেন, কোন ট্রেনিং ছাড়াই বাজার থেকে বীজ কিনে এনে সবজি চাষ করছি। প্রতিদিন তার এসব সবজি ক্ষেত থেকে আয় হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকা। যা দিয়ে তিনি অনায়াসেই সংসারের খরচ চালিয়ে যেতে পারেন। বিকাল হলে বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে টাটকা সবজি কিনে নিয়ে যান। আবার সকাল বেলা স্থানীয় ব্যবসায়ীরা এসে সবজি কিনে নিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা জানান, ‘কৃষকেরা শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো ইত্যাদি সবজি চাষ করে লাভবান হচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও শীতের শুরু থেকেই সবজির আবাদ হচ্ছে আশানুরুপ। এ ছাড়া এখন নতুন ফর্মুলায় উপজেলার বিভিন্ন ক্ষেতে চাষ হচ্ছে নানা ধরনের সবজি।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর