বাড়ির জানালা দিয়ে ঝাঁপিয়ে আগুনে পুড়তে থাকা ছোট বোনকে রক্ষা করলেন এলি নামের ৭ বছরের এক ভাই। ওই বালকের সাহসিকতার গল্প এখন টেনেসি কাউন্টির মানুষের মুখেমুখে ফিরছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ ডিসেম্বর রাতে খাবারের পর ক্রিস এবং নিকোলে ডেভিডসন তাদের ৩ সন্তানকে ঘুম পাড়িয়ে নিজেদের রুমে চলে যান। তার কয়েক ঘণ্টা পর নিকোলে পোড়া গন্ধ পেয়ে ঘুম থেকে ওঠেন। ততক্ষণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। ক্রিস এবং নিকোলে ২ সন্তানকে নিয়ে বের হতে পারলেও আটকে পড়ে তাদের ২২ মাস বয়সী মেয়ে এরিন। শিশুশয্যার আলাদা জায়গায় এরিনকে রাখা হয়েছিল। রুমটির চারদিকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ক্রিস সিএনএনকে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমি এরিনের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছিলাম না। ওকে জানালা দিয়ে বের করার চেষ্টায় ছিলাম সবাই। মনে হচ্ছিল কিছুই করতে পারবো না। তখনি জানালা দিয়ে এলি ঢুকে যায়। ওই অবস্থায় সে এরিনকে বের করে আনে। এলি চোখের পলকে যা করেছে, আমরা বড়রাও তা করতে পারতাম না। এর চেয়ে গর্ব আর হয় না।’
ক্রিস আরও জানান, এরপর দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু সকাল পর্যন্ত ঘরের কিছুই অবশিষ্ট ছিল না।
এলি জানান, ‘ভেবেছিলাম পারবো না। ভয় পাচ্ছিলাম খুব। তবু আমার বোনকে আমি মরতে দিতে চাইনি।’
বার্তাবাজার/পি