বেতন মওকুফের বিনিময়ে ছাত্রীকে ‘একান্তে সময় কাটানোর’ প্রস্তাব

বরিশাল ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীকে অনৈতিক কাজের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠেছে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিনের নামে। বেতন মাফ করে দেওয়ার বিনিময়ে তিনি এই প্রস্তাব করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রমাণাদিসহ লিখিত অভিযোগ জানালে তা নিতে অস্বীকৃতি জানায় তারা। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৪ ডিসেম্বর নেওয়া হয় অভিযোগপত্র। গত নভেম্বরে পিরোজপুরের ওই ছাত্রীর সাথে ঘটা এই অপকর্ম ধামাচাপা পড়ে যাওয়ার আশঙ্কা করছে শিক্ষার্থীরা।

জানা যায়, করোনা পরিস্থিতিতে ইনস্টিটিউটের সম্পূর্ণ বেতন দিতে পারেননি ভুক্তভোগী ওই ছাত্রী। এজন্য ম্যাসেঞ্জার গ্রুপে তাকে চাপ দিচ্ছিলেন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিন।

এই মুহুর্তে বকেয়া পরিশোধে অপারগতা প্রকাশ করে ওই ছাত্রী। এই সুযোগ কাজে লাগিয়ে নানা কথাবার্তার এক পর্যায়ে বেতন মওকুফের প্রলোভন দেখিয়ে নূর উদ্দিন তাকে কুপ্রস্তাব দেয়। একান্তে সময় কাটানোর প্রস্তাব দিয়ে তিনি বলেন, কিছু পেতে হলে কিছু দিতে হয়।

এই ঘটনায় ক্ষুদ্ধ হয় ওই ছাত্রী। তবে নূর উদ্দিন হুমকি দেয়, তার কথা না শুনলে প্রতিষ্ঠান থেকে পাশ করে বের হতে পারবে না। ম্যাসেঞ্জারে এই কথোপকথনের স্ক্রিনশট ছাত্রীর কাছে আছে। সেটা দেখিয়ে অধ্যক্ষ বরাবর অভিযোগ জানান তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, মান সম্মানের ভয়ে বিষয়টি গোপন রেখেছিলেন। কিন্তু নূর উদ্দিন তার সাথে রাত্রি যাপনের প্রস্তাব দেওয়ায় তিনি অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন। এই ঘটনায় গত ১৪ ডিসেম্বর তিনি অভিযোগ জানালে কর্তৃপক্ষ নূর উদ্দিনের মানসিক সমস্যা আছে বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আন্দোলনের হুমকির মুখে গত ২৪ ডিসেম্বর অভিযোগ নিতে বাধ্য হয়।

অভিযুক্ত নূর উদ্দিন জানান, তিনি এরকম কোনো কাজ করেনি। তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। ফেক আইডি দিয়ে অন্য কেউ এমন করতে পারে।

ইনস্টিটিউটের অধ্যক্ষ হালিমা বেগম জানান, আমি অভিযোগ পেয়েছি। নিরপেক্ষভাবে খতিয়ে দেখে অভিযোগ প্রমাণ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ মিথ্যা হলে ওই ছাত্রীর বিরুদ্ধেও শাস্তি নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর