আত্মহত্যা চেষ্টা করলেন মাদকসহ আটক সেই উপ-সচিব

সরকারি গাড়িতে ফেন্সিডিল বহনের সময় আটক রাজশাহী জেলা পরিষদের উপ-সচিব মর্যাদার প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান আথহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) তিনি আত্মহত্যার চেষ্টা করলে রোববার (২৭ ডিসেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাদিম সরকার।

তিনি জানান, বুকের ব্যাথা থাকায় গত বুধবার (২৩ ডিসেম্বর) নুরুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে এসে হাসপাতালের একটি কেবিনে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে বাথরুমের সিলিং-এর সাথে ট্রাউজারের ফিতা বেঁধে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি হাসপাতাল সংশ্লিষ্টরা বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে নিয়ে যান।

নুরুজ্জামানের আত্মহত্যা চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন চাপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেনও।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর রাতে চাপাইনবাবগঞ্জ শহরে কোমল পানীয়ের বোতলে করে সাড়ে ৬ লিটার ফেন্সিডিল নেওয়ার সময় হাতে নাতে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তার পর থেকেই তিনি কারাগারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর