হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ও তার সংগঠনের নেতৃবৃন্দ পাকিস্তানের টাকায় দেশের মাদ্রাসাগুলোতে পড়তে আসা এতিমদের নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
রোববার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর ময়রার মাঠে এক সমাবেশে তিনি এই কথা বলেন।
মামুনুল হককে উদ্দেশ্যে করে নিক্সন চৌধুরী বলেন, আপনি আন্দোলন করেন, রাজনীতি করেন আমাদের এতিম বাচ্চাদের নিয়ে। আমরা আমাদের বাচ্চাদের মাদ্রাসায় পাঠাই কোরআন শিক্ষা নিতে আর আপনি তাদের নিয়ে রাজনীতি করেন।
তিনি বলেন, যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে, ঠিক সেই সময়ে মামুনুল হকরা ভাস্কর্যের নামে দেশের পরিবেশ অশান্ত করতে উঠেপড়ে লেগেছে। এর কারণ কী? কারা এর পিছনে? কি তাদের উদ্দেশ্য? তারা পাকিস্তানের টাকায় দেশকে অস্থিতিশীল করছে।
নিক্সন চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। কেউ ঠেকাতে পারবে না।
বার্তাবাজার/এসজে