বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় বহিষ্কার ববি শিক্ষার্থী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিয়ে কটুক্তি এবং সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বিভিন্ন প্রচারণা চালানোর অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মো. খালিদ হাসানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় খালিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত খালিদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড.সুব্রত কুমার দাস বার্তা বাজারকে বলেন, গত অক্টোবরে খালিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে দেয়া কটুক্তিমূলক বিভিন্ন স্ট্যাটাসের কপি যুক্ত করে দেয়া হয়। এ নিয়ে দীর্ঘদিন তদন্ত ও অভিযুক্তের বক্তব্য নেবার পর তাকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

এ বিষয়ে খালিদ হাসান বার্তা বাজারকে জানান, ‘বিষয়টি নিয়ে তদন্তের সময় আমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেকেছিল। সেখানে আমি আমার অবস্থান ব্যাখ্যা করেছি। আপাতত এ বিষয়ে আর কিছু বলতে চাই না।’

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর Khalid Mkhs নামের ফেইসবুক আইডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটুক্তি করে স্ট্যাটাস দেয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর