রাত পোহালেই ধামরাই পৌর নির্বাচন

রাত পোহালেই ঢাকার ধামরাইয়ে পৌর নির্বাচনে ভোট দিবেন ধামরাই পৌরবাসী। আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

২১টি কেন্দ্র প্রস্তত, রাত পোহালেই পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস। রবিবার (২৭ ডিসেম্বর) বিকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করে নির্বাচন কমিশন।

ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসাঃ আয়েশা আক্তার জানান, ধামরাই পৌরসভার নির্বাচনকে ঘিরে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রিজাইডিং অফিসারদের নিকট ইভিএম এর সকল সরঞ্জাম ও বিভিন্ন মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসারবৃন্দ নির্বাচনী মালামাল এবং ইভিএম এর যন্ত্রপাতি নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে আবস্থান করবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, ধামরাই পৌসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ প্রতীকে দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু ও বাংলাদেশ ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকে ক্বারী শওকত আলী। এছাড়া ৯টি ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনে ৯জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। একইসাথে ৯টি ওয়ার্ডের মোট ৩৫ জন কাউন্সিলর প্রার্থীরা প্রদিদ্বন্দিতা করে পৌর নির্বাচনকে সামনে রেখে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।

ধামরাই পৌর নির্বাচনে ২১টি কেন্দ্রে মোট ১০৮টি কক্ষে ৪২ হাজার ৬৪৪ জন পুরুষ ও নারী ভোটাররা এই প্রথম ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পুরুষ ভোটারের সংখ্যা ২০হাজার ৫৭৯টি, মহিলা ভোটার সংখ্যা ২২হাজার ৬৫টি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর