নান্দাইলে সেই মায়ের বিরুদ্ধে সন্তান হত্যা মামলা, পুলিশের রিমান্ড দাবি

দাম্পত্য কলহের জের ধরে এক বছরের শিশু সন্তান মনিরা আক্তারকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মনিরার বাবা আব্দুল কাইয়ুম বাদী হয়ে তাঁর স্ত্রীর বিরুদ্ধে নান্দাইল থানায় এই মামলা করেন।

এদিকে পুলিশ সন্তান হত্যার অভিযোগে মা স্বপ্না আক্তারকে গ্রেফতার করে আজ রবিবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার কাশিনগর গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের মাঝে শুক্রবার রাতে বাবার বাড়ি বেড়াতে যাওয়া নিয়ে ঝগড়া হয়। এ অবস্থায় গভীর রাতে কাইয়ুম ঘুম থেকে উঠে দেখতে পান তাঁর স্ত্রী ও শিশু সন্তান বিছানায় নেই। রাতেই খোঁজাখুজি করে না পেয়ে পরদিন শনিবার ভোর থেকে স্ত্রীর খোঁজে আত্মীয়স্বজনদের বাড়িতে যান। সকাল ৯ টার দিকে বাড়ি থেকে ফোনে খবর আসে তাঁর সন্তান মনিরা মরদেহ পুকুরে ভেসে রয়েছে।

আব্দুল কাইয়ুম বলেন, তিনি ইটের ভাটায় শ্রমিকের কাজ করেন। তাঁর স্ত্রী স্বপ্নার বাবার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। বাবার বাড়িতে যেতে না দেওয়ার ক্ষোভ থেকে তাঁর স্ত্রী তাঁদের একমাত্র সন্তানকে হত্যা করেছে।

এই বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, আব্দুল কাইয়ুম তাঁর স্ত্রীর বিরুদ্ধে সন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগে শনিবার রাতে মামলা করেছে। রবিবার অভিযুক্ত স্বপ্নাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড ছেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর