মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। করোনায় দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৯০ হাজার প্রাণ হারিয়েছে। এমন পরিস্থিতিতে বাড়িতে পার্টি করে সমালোচনার মুখে পড়েছেন নেইমার জুনিয়র।
বড়দিনের ছুটিতে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অবস্থিত নিজের বিশাল ম্যানশনে বিশাল এক পার্টির আয়োজন করেন নেইমার। সেখানে মোট ৫০০ অতিথির উপস্থিত হওয়ার কথা।
করোনা পরিস্থিতির মধ্যে এমন পার্টির আয়োজন করে সমালোচনার মুখে পড়েছেন নেইমার। অবশ্য এই পার্টিটি গোপনেই করতে চেয়েছিলেন নেইমার। যার জন্য বেছে নিয়েছিলেন বাড়ির আন্ডারগ্রাউন্ড।
সেখানে অতিথিদের মনোরঞ্জনের জন্য ব্যান্ড সঙ্গীতের আয়োজন করা হয়। পার্টির তুমুল হইচই যেন বাইরে যেতে না পারে সেজন্য শব্দ নিরোধকের ব্যবস্থাও করা হয়।
এমনকি এই পার্টির ভিডিও যেন কেউ ধারণ করতে না পারে সেজন্য অতিথিদের ফোন নিয়ে আসা নিষিদ্ধ করেছিলেন নেইমার। কিন্তু পুরো আয়োজনের বিস্তারিত স্থানীয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’তে প্রকাশিত হওয়ার পর থেকেই ব্রাজিলে নেইমারের তীব্র সমালোচনা চলছে।
বার্তাবাজার/এস.জি