চার্জে লাগিয়ে হেডফোনে গান শোনার সময় যুবকের মৃত্যু

বগুড়া পৌর শহরে মোবাইল ফোন চার্জে লাগিয়ে হেডফোনে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাহমুদুল হাসান রাকিব (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

নিহত রাকিব শহরের কলোনী এলাকার ‘চিটাগাং নুর হোটেলের’ কর্ণধার ডা. শাহানুর রহমানের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।

রোববার দুপুরে রাকিবের চাচা নুরুজ্জামান জানান, শনিবার সন্ধ্যার পর থেকে নিজ ঘরেই অবস্থান করছিল রাকিব। রাত ৯টার দিকে তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পাওয়ায় দড়জা ভেঙে ঘরে প্রবেশ করে দেখা গেল সে বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে। তখন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘরে প্রবেশ করে দেখা যায় রাকিব কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। তখন মোবাইলটি চার্জে সংযুক্ত ছিল। রাকিবের বাবা চিকিৎসাজনিত কারণে বগুড়ার বাইরে আছেন। তার মাও ঢাকায় চিকিৎসাধীন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ওই যুবক রাত জেগে প্রচুর গান শুনতেন। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর