ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় সৈয়দ জিয়া আলী (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার টগরবন্ধ ইউনিয়নের বড়ভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার আহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বড়ভাগ গ্রামের সৈয়দ জিয়া আলীর সাথে একই গ্রামের সৈয়দ মোহম্মাদ আলীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার বিকালে সৈয়দ জিয়া আলী তার নতুন বাড়ী থেকে পুরাতন বাড়ী যাওয়ার পথে প্রতিপক্ষ সৈয়দ মোহাম্মাদ আলীর নেতৃত্বে সৈয়দ শফিকুর রহমান, সৈয়দ আহাদ আলী পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎপেতে পেছন থেকে লোহার রড ও লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয়রা জিয়া আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমান জিয়া আলী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জিয়া আলী বলেন, আমি আমার নতুন বাড়ি থেকে পুরাতন বাড়ি যাওয়ার পথে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই তারা পিছন দিক থেকে আমার ওপর হামলা চালায়।
অভিযুক্ত সৈয়দ মোহাম্মদ আলী জানান, তার সাথে আমাদের জমি নিয়ে বিরোধ। সে আমাদের মারছে তাই আমরাও তাকে মারছি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনুনাগ ব্যবস্থা নেওয়া হবে।’
বার্তাবাজার/এ.আর