স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনা ভ্যাকসিন টেস্ট করার জন্য যে ল্যাব প্রয়োজন তা আমাদের এখানে আছে এবং এটি অত্যাধুনিক। ভ্যাকসিনের যে দুইটি অংশ আছে তা হলো কেমিক্যাল ও বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল অংশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে। কেমিক্যাল অংশটি অনুমোদন প্রক্রিয়াধীন খুব অল্পদিনের মধ্যেই অনুমোদন পাবো বলে আশা করছি। তিনি বলেন, আগামীতে এই ল্যাবে কোভিড ভ্যাকসিনও পরীক্ষা করা হবে।
রোববার (২৭ ডিসেম্বর) ওষুধ প্রশাসন অধিদফতরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, এই ল্যাবগুলোতে ভ্যাকসিন পরীক্ষা করা হয়। ভ্যাকসিনের গুণাগুণ দেখা হয়। আমারা দেশে ৯টি ভ্যাকসিন পরীক্ষা করে থাকি। এখন আরও একটি যোগ হলো, করোনা ভ্যাকসিন।
এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানসহ ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরির অন্যান্য কর্মকর্তারা।
বার্তাবাজার/ই.এইচ.এম