মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর খুব বেশি ক্রিকেট ম্যাচ মাঠে গড়ায়নি। বছরের শেষের দিকে কিছু ম্যাচ হয়েছে। সাধারণত বছর শেষে বর্ষসেরা একাদশ বাছাই করেন ক্রিকেট বোদ্ধারা।
তবে এ বছর অল্পসংখ্যক ম্যাচ হওয়ায় তার উপর নির্ভর করে বছরের সেরা একাদশ বাছাই করতে চাননি ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।
তিনি দশকসেরা (১ জানুয়ারি থেকে ২০১১ থেকে ৩১ ডিসেম্বর ২০২০) টেস্ট একাদশ বাছাই করেছেন। তার একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তিনি তার এই একাদশে ৬ জন ব্যাটসম্যান, ১ জন অলরাউন্ডার, ১ জন স্পিনার ও ৩ জন পেসার রেখেছেন। ব্যাটসম্যান হিসেবে আছেন অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ এবং এবি ডি ভিলিয়ার্স।
সাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে ও রবিচন্দ্রন অশ্বিন স্পিনারকে হিসেবে একাদশে রেখেছেন হার্শা। হার্শার একাদশে পেসার হিসেবে আছেন প্যাট কামিন্স, ডেল স্টেইন ও জিমি অ্যান্ডারসন।
১৭৭ ইনিংস খেলে ৪৪.৮৩ গড়ে ৭ হাজার ৫৩২ রান করেছেন কুক। অন্যদিকে ওয়ার্নার ১৫৫ ইনিংস খেলে ৪৮.৯৫ গড়ে ৭ হাজার ২৪৪ রান করেছেন। তিন নম্বর ব্যাটিং পজিশনে আছেন সাঙ্গাকারা। তিনি ৭৭ ইনিংসে ৫৫.৭২ গড়ে ৪ হাজার ১৫৬ রান করেছেন।
চার, পাঁচ ও ছয় নম্বরে আছেন যথাক্রমে বিরাট কোহলি, স্টিভেন স্মিথ এবং এবি ডি ভিলিয়ার্স। কোহলি ১৭৭ ইনিংসে ৫৩.৪১ গড়ে ৭ হাজার ৩১৮ রান করেছেন। ১২৫ ইনিংসে ৬৫.২০ গড়ে স্মিথ করেছেন ৭ হাজার ৪২ রান।
অন্যদিকে একাদশে উইকেটরক্ষক হিসেবে জায়গা পাওয়া ডি ভিলিয়ার্স ৮০ ইনিংসে ৪ হাজার ৬৩ রান করেছেন। অলরাউন্ডার হিসেবে তার একাদশে জায়গা পেয়েছেন সাকিব। সাকিব ৩৫ ম্যাচে ১৩৫ উইকেট নিয়েছেন ও ব্যাট হাতে ৩৫.২৬ গড়ে করেছেন ১ হাজার ৮৬৯ রান।
একাদশে একমাত্র স্পিনার অশ্বিন ৭২ ম্যাচে ২৫.৭৬ গড়ে ৩৭০ উইকেট শিকার করেছেন। হার্শার একাদশে জায়গা পাওয়া জিমি অ্যান্ডারসন ১০০ ম্যাচে ২৪.৩২ গড়ে ৩৯৫ উইকেট শিকার করেছেন।
বাকি দুই পেসার প্যাট কামিন্স ৩১ ম্যাচে ১৫০টি উইকেট ও ডেল স্টেইন ৪৮ ম্যাচে ২০৭টি উইকেট শিকার করেছেন।
বার্তাবাজার/এস.জি