উলিপুর পৌর নির্বাচনে নৌকার মাঝি মামুন সরকার
কুুুুড়িগ্রামের উলিপুর পৌরসভায় নির্বাচনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সদস্য মোঃ মামুন সরকারকে নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু এ তথ্য নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, বিকেলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি সভার সিদ্ধান্ত মোতাবেক তৃতীয় ধাপে উলিপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মামুন সরকারের নাম ঘোষণা করেন।
অপরদিকে বিএনপি ও জাতীয় পার্টির দলীয় সুত্রে জানা গেছে, পৌর নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ ও লাঙ্গল প্রতীকের দলীয় মনোনয়নের সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৯১৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৮ হাজার ৫৩৯ জন এবং নারী ১৯ হাজার ৩৭৬ জন। ৯টি ওয়ার্ডের ১৮ টি কেন্দ্রের ১১৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নিবার্চন অফিসার আহসান হাবিব জানান, উলিপুর পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এ.আর