শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি পাটের গুদাম।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ভোজেশ্বর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাজারের ব্যবসায়ীরা জানান, দুপুর ২টার দিকে ভোজেশ্বর বাজারের নদীর পাড়ের একটি পাটের গুদাম থেকে আগুনের ধোয়া বের হতে দেখে ব্যবসায়ীরা ডাক চিৎকার দেন। পরে আশপাশের ব্যাবসায়ীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। খবর পেয়ে শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে সালাম হাওলাদারের ১টি, মিলু হাওলাদারের ২টি, সোহেল বয়াতির ২টি, ও খোকন বয়াতির ১টি পাটের গুদামা সহ মোট ৬টি পাটের গুদাম পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় তিন হাজার মন পাটসহ প্রায় ২ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ক্ষয় ক্ষতির পরিমান ও আগুন লাগার সঠিক কারন জানা যায়নি। ক্ষতিগ্রস্ত গুদামের ঘরের তালিকা, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।
বার্তাবাজার/এ.আর