নরসিংদীর পাঁচদোনা এলাকায় একটি পরিত্যাক্ত সিনেমা হলের ভেতর থেকে আকাশ (১৮) নামে এক টোকাই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মাধবদী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
নিহত আকাশ রায়পুরা থানাধীন খানাবাড়ি এলাকার আকবর মিয়ার পুত্র।
জানা যায়, গাজীপুরের টঙ্গি এলাকায় বসবাস করে আশেপাশের বিভিন্ন এলাকায় ভাঙ্গারি মালামাল কুড়াতেন আকাশ। টঙ্গি থেকে ট্রেনে চড়ে নরসিংদী আসতে প্রায় নিয়মিত। তবে শুক্রবার তিনি টঙ্গিতে ফেরেননি।
তাকে বিভিন্ন স্থানে খোঁজাখোঁজিও করা হয়। সন্দেহবশত পাঁচদোনা এলাকায় অবস্থিত ঝংকার সিনেমা হলের ভেতরে তার খোঁজ করা হয়। সেখানে শনিবার দুপুরে তার মরদেহ দেখতে পান আকাশের খালাতো বোন অপর টোকাই ফাতেমা।
তিনি জানান, আকাশ তার বন্ধুদের নিয়ে বন্ধ থাকা এই সিনেমা হলের পেছন দিয়ে ঢুকে প্রায়ই মাদক সেবন করতো। আমি আগে থেকেই জানতাম বিষয়টি।
এ বিষয়ে মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান জানান, আকাশকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নরসিংদী সদর হাসপাতালে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও কারণ জানতে মাঠে নেমেছে পুলিশ।
বার্তাবাজার/এসজে