কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। আহত হয়েছেন অন্তত ৪০ জন। শনিবার সকালে উপজেলার শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাশ আলী ও প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া।
জানা যায়, দীর্ঘদিন ধরে এই দুই গ্রামের লোকজনের বিরোধ চলে আসছিল। শুক্রবার টেম্পোতে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে আবারও তারা বিবাদে জড়ায়। বিবাদ সমাধানের জন্য রাতে স্থানীয় বাজারে তারা সালিশেও বসে। কিন্তু সালিশ চলাকালে প্রজারকান্দা গ্রামের আতাউর নামে একজনকে মারধর করে প্রজারকান্দা গ্রামের লোকজন।
আগের রাতের মারধরকে কেন্দ্র করে শনিবার সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয় দুই গ্রামের লোকজন আমিরগঞ্জ বাজারের কাছে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন। এলাকাটি প্রত্যন্ত হওয়ায় সেখানে পুলিশও কিছুটা দেরীতে পৌছে।
ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানান, পুর্ব বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে দুইজন মারা গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বার্তাবাজার/এসজে